গাজীপুরের শ্রীপুর উপজেলায় আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে “ইমাম, খতিব ও ওলামা-মাশায়েখ সম্মেলন ২০২৫”। উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বেলা ১২ টা পর্যন্ত এ সম্মেলনের আয়োজন করে আকন্দ ফাউন্ডেশন।
সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল: “সমাজ সংস্কারে ও জুলাই আন্দোলনে ইমাম, খতিব ও ওলামা-মাশায়েখদের ভূমিকা”। এতে দেশের চলমান সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপটে আলেম সমাজের করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন ড. মোহাম্মদ মাওলানা নজরুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন মাওলানা আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও কেন্দ্রীয় ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এস এম রুহুল আমীন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আকন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ, লুৎফর রহমান, মাওলানা কাজী মইন উদ্দিন, মাওলানা আবু বকর সিদ্দিকী, মাওলানা হেদায়েত উল্লাহ কাসেমী, মুফতি জামাল উদ্দিন, সিদ্দিকুর রহমান, মুফতি এনামুল হাসান এবং বেনজিন আহমেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে শ্রীপুরের বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, আলেম, মাদরাসা শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।