মোঃলিটন মিয়া,পুবাইল প্রতিনিধি
গাজীপুর মহানগরের পূবাইল এলাকায় আওয়ামী লীগ নেতার ছেলের বিরুদ্ধে সন্ত্রাস ও সাধারণ মানুষের ওপর নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন পূবাইল থানা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান শিরিষের বড় ছেলে হাসানুর রহমান রাসেল।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ ১৭ বছর ধরে রাসেল এলাকায় একপ্রকার অঘোষিত সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছেন। চাঁদাবাজি, জমি দখল, ইন্টারনেট ব্যবসা জোরপূর্বক নিয়ন্ত্রণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সর্বশেষ ঘটনা ঘটে গত বুধবার রাতে, গাজীপুর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের মেঘডুবী এলাকায়। স্থানীয় বাসিন্দা দৌলত হোসেনের ছেলে আর্শাফুল, সালামের ছেলে বাবু এবং ফরমান আলীর ছেলে ওসমান গণিকে রাসেল তার নিজ বাসভবনে ডেকে এনে একটি নির্জন কক্ষে আটকে রাখেন। অভিযোগ রয়েছে, 'টর্চার সেল' নামে পরিচিত ওই কক্ষে তাদের হাত-পা বেঁধে রাতভর শারীরিক নির্যাতন চালানো হয়।
খবর পেয়ে পূবাইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে উদ্ধার করে। প্রথমে তাদের টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে রাসেলসহ মোট সাতজনের বিরুদ্ধে পূবাইল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার অন্য অভিযুক্তরা হলেন:শেখ মাসুম (২৮), পিতা: মৃত শেখ শাহাজাহান,হিরন খান (৩৮), পিতা: মৃত ফাজিল খান,মো. মুক্তা হোসেন (৩৮), পিতা: শামসুদ্দিন,সাইদুল ইসলাম (৩৫), পিতা: অজ্ঞাত,মিজানুর রহমান (২৫), পিতা: ফিরু।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. আমিরুল ইসলাম জানান, “ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আজ মামলাটি রুজু করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”
এদিকে এলাকাবাসী রাসেলের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা প্রশ্ন তুলেছেন, “দীর্ঘদিন ধরে এইসব অপকর্মের পেছনে কারা সহযোগিতা করেছে এবং কীভাবে এসব কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল—তা খতিয়ে দেখা জরুরি।”