কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুরের কাউখালীতে জমি নিয়ে বিরোধের জেরে রোকেয়া বেগম (৫৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার (২৮ মে) উপজেলার ৫ নং শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার সকালে আব্দুর রব আকনের স্ত্রী রোকেয়া স্থানীয় কৃষক আব্দুল হাইয়ের সাথে জমি চাষের বিষয়ে কথা বলছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে নিহতের প্রতিবেশী জাহাঙ্গীর আকন পিছন থেকে অতর্কিত ভাবে লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে রোকেয়া বেগম জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর ঘাতকরা তাকে উপর্যপুরি পিটিয়ে পালিয়ে যায়। পরে পরিবার ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর পরে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
নিহত রোকেয়া বেগম উপজেলার জোলাগাতি গ্রামের আব্দুর রব আকনের স্ত্রী। স্থানীয় প্রতিবেশীরা জানান, রোকেয়া বেগমের সাথে প্রতিবেশী হাবিবুর রহমান আকনের ছেলে জাহাঙ্গীর ওরফে জাকিরের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান।