সাতকানিয়া সংবাদদাতা : চট্টগ্রাম দক্ষিণ জেলার লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। গত বুধবার সকালে তিনি লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং দুপুরে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইকবাল হোসেন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। এ সময় আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, “জনগণের অর্থে পরিচালিত সরকারি হাসপাতালগুলো নিয়ে দীর্ঘদিন ধরে সর্বমহলে আস্থাহীনতা ছিল। তবে চট্টগ্রামের কৃতি সন্তান প্রফেসর ড. মো. ইউনূস-এর সরকার ক্ষমতায় আসার পর মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার নেতৃত্বে চিকিৎসাসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “আমি আজকে লোহাগাড়া ও সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পৃথকভাবে পরিদর্শন করে অনেক সমস্যার কথা জেনেছি। কম সময়ের মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের সঙ্গে আলোচনা করে এ সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ।”এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কালাম, পদুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হামিদুল হক, উপজেলা কর্ম পরিষদ সদস্য ও সাবেক চেয়ারম্যান কাজী মাওলানা নুরুল আলম, চৌধুরী মোহাম্মদ ছালেহ, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম সিকদার, জামায়াত নেতা মাওলানা আব্দুর রহমান, আনোয়ার হোসেন ও জিয়াউল হক।

অপরদিকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ জসিম উদ্দিন, সাতকানিয়া পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, সাবেক আমীর এম ওয়াজেদ আলী, নায়েবে আমীর মোঃ শাহ আলম, হাসপাতালের চিকিৎসক-নার্সবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ।

শাহজাহান চৌধুরীর এ পরিদর্শন সংশ্লিষ্ট এলাকার মানুষের মাঝে আশার সঞ্চার করেছে এবং স্বাস্থ্যখাতের উন্নয়নে ত্বরান্বিত ভূমিকা রাখবে বলেই এলাকাবাসীর প্রত্যাশা।