সাতকানিয়া সংবাদদাতা : দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে “আমাদের সাতকানিয়া”র উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে দিনব্যাপী এই ক্যাম্পের উদ্বোধন করেন,বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো তার জীবন। আর জীবন রক্ষার জন্য সময়োপযোগী চিকিৎসা অপরিহার্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলের অনেক মানুষ আজও ন্যূনতম চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত। নারী-পুরুষ নির্বিশেষে প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজ উভয়েরই যৌথ দায়িত্ব। শুধুমাত্র সরকারি উদ্যোগের ওপর নির্ভর না থেকে সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। কারণ অসুস্থ মানুষ সুস্থ না হলে পরিবার, সমাজ কিংবা দেশ এগিয়ে যেতে পারে না।”

তিনি আরও বলেন, “ফ্রি মেডিকেল ক্যাম্প শুধু ওষুধ বা চিকিৎসা প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি মানুষের মনে আশা জাগায়, অসহায়দের মনে ভরসা জোগায় এবং সামাজিক বন্ধনকে দৃঢ় করে। আজকের এই উদ্যোগ কাঞ্চনা ইউনিয়নের মানুষের জন্য সাময়িক স্বস্তি হলেও আমাদের লক্ষ্য হওয়া উচিত একটি টেকসই স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা। ভবিষ্যতে যেন কেউ অর্থাভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেটিই আমাদের অঙ্গীকার হওয়া উচিত।”

এসময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতের সাবেক আমির ডা. নুরুল হক, সাবেক সেক্রেটারি ও কাঞ্চনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মোজাফফর আহমদ, কাঞ্চনা জামায়াতের আমির মাওলানা আবু তাহের, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. আইয়ুব আলী, কাঞ্চনা জামায়াতের সেক্রেটারি, কাঞ্চনা যুব বিভাগের সভাপতি আহমদ ছৈয়দ, দেলোয়ার হোসেন, শাহাদাত হোসেন ও মাঈনুদ্দীন হাসান।স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ স্বাস্থ্যসেবাবঞ্চিত মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।