পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে আলহাজ্ব ডা. সুলতান আহমেদ কে। চিকিৎসক থেকে রাজনীতিতে আসা এই প্রার্থীকে এলাকায় একজন সমাজসেবক হিসেবেই বেশি চেনেন মানুষ।

বরগুনার বেতাগী উপজেলার আয়লা চান্দখালী গ্রামে জন্ম নেওয়া ডা. সুলতান আহমেদ ১৯৭৬ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। পরে আয়ারল্যান্ডের ডাবলিন থেকে শিশু চিকিৎসায় উচ্চতর ডিগ্রি নেন। তিনি সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় ১৪ বছর চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন। দেশে ফিরে ঢাকার আল-মানার হাসপাতালসহ একাধিক হাসপাতাল ও ক্লিনিক প্রতিষ্ঠা করেন।

তার স্ত্রী প্রফেসর ডা. সুরাইয়া বেগম একজন খ্যাতনামা স্ত্রীরোগ বিশেষজ্ঞ। দুই সন্তানসহ পরিবারের অনেক সদস্যই চিকিৎসা ও বিচার বিভাগে কর্মরত।

শিক্ষাজীবন থেকেই ইসলামী ছাত্র মিশন ও ছাত্রশিবিরে যুক্ত ছিলেন ডা. সুলতান আহমেদ। দেশে ফেরার পর জামায়াতে ইসলামীতে সক্রিয় হয়ে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শুরার সদস্য ও ধানমন্ডি থানার নায়েবে আমীর। রাজনৈতিক জীবনে একাধিকবার কারাভোগ করেছেন তিনি। এলাকায় শিক্ষা, স্বাস্থ্য ও সমাজসেবামূলক কাজে সরাসরি সম্পৃক্ত আছেন তিনি। গরিব শিক্ষার্থী ও অসহায় রোগীদের আর্থিক সহায়তা, স্কুল-কলেজ-মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার অভিজ্ঞতা রয়েছে তার।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলতে গিয়ে তিনি জানান, নির্বাচিত হলে তিনি বরগুনা-২ আসনে যোগাযোগব্যবস্থা উন্নয়ন, আধুনিক হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, নদীভাঙন ও জলদস্যু দমন, ধর্মীয় সম্প্রদায়ের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন, মাদক ও সন্ত্রাস নির্মূল

এ ধরনের উদ্যোগ গ্রহণ করবেন। ভোটারদের উদ্দেশে ডা. সুলতান আহমেদ বলেন, বেতাগী-বামনা-পাথরঘাটা একটি সম্ভাবনাময় এলাকা। উন্নত, সন্ত্রাসমুক্ত ও শিক্ষিত সমাজ গড়তে জনগণের দোয়া ও সমর্থন চাই নুতন ও তরুণ ভোটাররাই ইসলামের পক্ষে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করেন।