মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা : চাঁদপুর শহরের ‘নিউ রূপসী চাঁদপুর’ আবাসিক হোটেল থেকে গ্লোব ফার্মাসিটিক্যালস লিমিটেডের বিক্রয় প্রতিনিধি রুবেল হাসান রাফি (২৮)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন করেছেন তার পরিবার ও এফ লাকাবাসী।
রোববার দুপুরে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত রুবেলের স্বজন, এলাকাবাসী ও সহকর্মীরা অংশ নেন। গত ২ ফেব্রুয়ারি চাঁদপুর সদর উপজেলার বিপণীবাগ এলাকার ওই হোটেলের ৯ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রুবেল মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার আধুরভিটি গ্রামের মৃত হাবুল সর্দারের ছেলে।
পরিবারের দাবি, রুবেল আত্মহত্যা করতে পারেন না, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই বাবু সরদার বাদী হয়ে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মানববন্ধনে বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রুবেলের মৃত্যুর রহস্য উদঘাটন করে প্রকৃত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।