কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা : “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামীর শুদ্ধতা”Í এ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৫ উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় খুলনার সার্বিক সহযোগিতায় এ প্রতিযোগিতার উদ্বোধন হয়। প্রথম দিনের প্রতিযোগিতায় উপজেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মন্ডল। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুহিত, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম এবং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু। বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমন্ত নাথ মন্ডল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সহসভাপতি কণিকা সরকার, সদস্য হাবিবুল্লাহ, আহসান, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাহবুবুর রহমান, সাংবাদিক শিমুল হোসেন ও আলমগীর হোসেনসহ এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রথম রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েছে নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, তারালি মাধ্যমিক বিদ্যালয়, শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এবং ইন্দ্রনগর হুসাইনবাদ ফাজিল মাদরাসা। বক্তারা বলেন, দুর্নীতির শেকড় পরিবারেই নিহিত। পরিবার থেকে সততা, নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা প্রদান করা গেলে ভবিষ্যৎ প্রজন্ম হবে সৎ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক। সেই দিনই বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধশালী।