নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা : ঝালকাঠির নলছিটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে(ভারপ্রাপ্ত )স্কুল চলাকালীন সময় শিক্ষক রুমের সম্মুখে অশ্লীল গালাগাল ও হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত এ বিএনপি নেতা হলেন, সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ. শহিদ হোসেন খান। যদিও ওই বিএনপি নেতা বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক বা কমিটির কোনো সদস্য নন।

উপজেলার পশ্চিম সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এ ঘটনা ঘটে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা বেগম বৃহস্পতিবার (২২ মে ) সকাল সাড়ে ১১ টার দিকে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। তিনি বলেন, সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদ হোসেন খান এদিন বিকাল ৩ টায় স্কুলে আসেন। তিনি অন্য শিক্ষকদের উপস্থিতিতে স্কুলের উন্নয়নের জন্য সরকারি বরাদ্দকৃত টাকার হিসাব ও খরচের বিল-ভাউচার দেখতে চান। এ সময় প্রধান শিক্ষক তাকে জানান, এ বছর স্লিপে ভ্যাট দেওয়ার পর ২৯ হাজার টাকা হাতে পেয়েছেন। এ টাকা দিয়ে তিনি স্কুলে রং করণসহ বিভিন্ন উন্নয়ন কাজ করেছেন। যা স্কুলের সভাপতি স্যার জানেন। কিন্তু ওই বিএনপি নেতা কিছু শুনতে নারাজ। তিনি প্রধান শিক্ষককে বলেন, তুই টাকার হিসেব দে এবং বিল- ভাউচার দেখা। একই সময় তিনি তাকে বিভিন্ন অশ্লীল গালাগাল করেন এবং মারতে উদ্ধত হন ও হুমকি ধামকি দেন। ওই বিএনপি নেতা বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক বা কমিটির কোনো সদস্য নন। তিনি আমার কাছে কোনো হিসাব চাইতে পারেন না এবং আমার সঙ্গে কোনো খারাপ আচরণও করতে পারেন না বলেও জানান প্রধান শিক্ষক। কিন্তু তিনি সেটা করেছেন। প্রধান শিক্ষক খাদিজা বেগম আরও জানান, বিষয়টি আমি তাৎক্ষণিক এ বিদ্যালয়ের সভাপতি সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান স্যারকে জানিয়েছি। নারীর মর্যাদা রক্ষায় আমি প্রশাসন এবং বিএনপির নেতৃবৃন্দের কাছে এর বিচার দাবি করছি।