মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের মুহুরী প্রজেক্ট এলাকায় মৎস্যঘের দখল বেদখল নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন হয়েছে। মানববন্ধনে স্থানীয় যুবকদের জলদস্যু লিখায় প্রতিবাদ করেছেন উপস্থিত জনসাধারণ। সম্প্রতি মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ৫ নং ওচমানপুর ইউনিয়নের বাঁশখালী গ্রাম মুহুরী প্রজেক্ট এলাকায় এই মানববন্ধন ও প্রতিবাদ পাল্টা প্রতিবাদের ঘটনা ঘটে। মানববন্ধনের শুরুতে স্থানীয়দের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হলেও পরবর্তীতে একপক্ষ সংক্ষিপ্ত সময়ের মধ্যে মানববন্ধন সম্পন্ন করেন।
মানববন্ধনের আয়োজক নুরুল আফছার জসিম প্রকাশ বোল্ডার জসিম বলেন, তিনি গত ১০ বছর যাবৎ জনৈক ব্যক্তি থেকে লিজ নিয়ে বিতর্কিত মৎস্য প্রকল্পে মাছের চাষ করে আসছেন। ৫ আগস্টের পর রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে স্থানীয় কিছু সন্ত্রাসী ও জলদস্যু মৎস্য ঘেরটি দখলের চেষ্টা করে এবং ঘেরটি তাদের বলে দাবি করেন। ঘেরটি রাখতে হলে ৪০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাদা না দেওয়ার কারণে হামলার ঘটনা ঘটে ও মৎস্য প্রকল্পে অগ্নিসংযোগ হয়। ফলে আদালতে দুটি মামলা করা হলে মামলার তদন্তের জন্য ঘটনার ফলে গেলে থানা পুলিশ এবং তার উপর পুনরায় হামলা হয় বলে অভিযোগ করেন বোল্ডার জসিম।