সাতকানিয়া সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, জনগণের দাবি মেনে নিয়ে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন, জাতীয় নির্বাচনে পি.আর পদ্ধতি চালু, অবাধ-সুষ্ঠু নির্বাচনের স্বার্থে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, বর্তমান সরকারের সব ধরনের জুলুম-নির্যাতন, গুম-খুন ও দুর্নীতির বিচার এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও মহাজোটের ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার আহ্বান জানান তিনি।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোহাগাড়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আ ন ম নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের লোহাগাড়া উপজেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ আমিন আজহারী, সহ-সভাপতি মাওলানা নুরুল আফসার, হেফাজতে ইসলাম বাংলাদেশের লোহাগাড়া উপজেলা সেক্রেটারি মাওলানা শুআইবুল ইসলাম। একই দাবিতে পৃথক গোলটেবিল বৈঠক আয়োজন করে সাতকানিয়া উপজেলার সাঙ্গু সাংগঠনিক থানা জামায়াত।
এতে সভাপতিত্ব করেন, মাস্টার সিরাজুল ইসলাম। সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াসের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত গোল টেবিল বৈঠকে বিশিষ্ট আলেম শিক্ষক ও পেশাজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।