সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সেবাগ্রহিতাদের নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে সোমবার এই গণশুনানি হয়। সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হয়। গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারের (অব.) হাফিজ আহ্সান ফরিদ। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে আলোচনা পর্বে বিশেষ অতিথির বক্তব্য দেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, দুদকের সিলেট সমন্বিত কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক রাফি নাজমুস সাদাত, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে হাফিজ আহ্সান ফরিদ বলেন, দুর্নীতি শোষণের হাতিয়ার, এর শিকার হচ্ছে সাধারণ মানুষ। দুর্নীতি এখন আর শুধু জনপ্রতিনিধি, নেতা, সরকারি কর্মকর্তার মধ্যে নেই, এটা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। দুর্নীতি দেশটার কি পরিমাণ ক্ষতি করেছে সেটি ২০২৪-এ বোঝা গেছে।