বাগমারা (রাজশাহী) সংবাদদাতা: রাজশাহীর বাগমারা উপজেলায় ইউনিয়ন ভূমি অফিসে লোকবল সংকটে জমির মালিকরা জমির খাজনা, খারিজ, নামজারিসহ জমির কাগজপত্রাদি সারতে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। এছাড়া উপজেলায় পরিমিত ইউনিয়ন ভূমি অফিস না থাকায় ভূমি সেবা মান বাড়ছে না বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন। উপজেলায় ১৬ টি ইউনিয়ন ও ২টি পৌরসভা মিলে ১৮টি ইউনিয়ন ভূমি অফিস থাকার কথা থাকলেও মাত্র ৭টি ইউনিয়ন ভূমি অফিস রয়েছে। একদিকে ভূমি অফিস কম অন্য দিকে লোকবল সংকটে এলাকার ভূমির মালিকরা বেকায় পড়েছেন। ইউনিয়ন ভূমি অফিসে একজন সহকারী নায়েব (তহশিলদার) ও ৩ জন উপসহকারী নায়েব (তহশিলদার) থাকার কথা থাকলেও উপজেলায় কোন ইউনিয়ন ভূমি অফিসে ৩ জন উপসহকারী তহশিলদার নেই। এমনকি অফিস গুলোতে ৩ জন অফিস সহায়ক থাকার কথা থাকলে মিলছে মাত্র ২ জন। অফিস গুলোতে কম্পিউটারের কাজ করার নিয়মতান্ত্রি লোক না থাকায় বেহাল দশা দেখা দিয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম বলেন, ইউনিয়ন ভূমি অফিস গুলোতে বেশ কিছু পদ অনেক দিন ধরে শূন্য রয়েছে। এছাড়া প্রতিটি ইউনিয়নের জন্য ভূমি অফিসের জন্য আবেদন করা হয়েছে। অফিস গুলোর জন্য স্থান নির্ধারণ করা হচ্ছে। লোকবল সংকট এটা সারা দেশের ইউনিয়ন ভূমি অফিসের একই সমস্যা দেখা দিয়েছে। নতুন করে কোন নিয়োগ না হওয়া পর্যন্ত সমস্যা দূর করা কঠিন বিষয়। তবে প্রয়োজনীয় ভূমি অফিস হলে ভূমি অফিসে কাজের তেমন কোন ঘাটতি হবে না বলে জানান তিনি।