হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : গত মাসের ৮ তারিখ হাটহাজারী মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো: মনজুর কাদের ভূঁইয়া। যোগদানের পর থেকে সেপ্টেম্বরের ৩০ তারিখ পর্যন্ত হাটহাজারী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ধারালো অস্ত্র এবং একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মাদক মামলায় ৬ জন, সিআর পরোয়ানায় ২০ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ২ জন, কা:বি: আইনের ৫৪ ধারায় ৪ জন, জিআর পরোয়ানায় ৬ জন, তদন্তে সন্দিগ্ধ ৫ জন, সিআর সাজা ১০ জন, এজাহারভুক্ত ২০ জন, কা:বি: আইনের ১৫১ ধারায় ৫ জন, পেনাল কোড ২৯০ ধারায় ৫ জন এবং জিআর সাজায় ১ জন রয়েছেন।
এ সময় পুলিশ উদ্ধার করেছে ১১২ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা, ৩২ লিটার চোলাইমদ, টিপ গিয়ার ছুড়ি ৪টি এবং ধারালো লম্বা দা ৩টি। এছাড়া চট্টগ্রাম-থ ১৪-৮১৭৪ নম্বরে নিবন্ধিত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে।
সম্প্রতি উদযাপিত সার্বজনীন শারদীয় দুর্গাপূজার সময় নিরাপত্তা নিশ্চিত এবং গুজব প্রতিরোধে হাটহাজারী থানার পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রতিটি পূজামণ্ডপে পুলিশের তৎপরতা জনমনে স্বস্তি সৃষ্টি করেছে।
ওসি মো: মনজুর কাদের ভূঁইয়া বলেন, ‘আমি শুধুমাত্র আমার দায়িত্ব পালন করেছি। জনমনে স্বস্তি এসেছে তবু আমি সন্তুষ্ট নই। আগামীতে আরও বেশি কাজ করার প্রচেষ্টা থাকবে।”