মোংলা সংবাদদাতা : বাগেরহাটের মোংলায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’ চলাকালে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আল মামুনকে আটক করা হয়েছে। শনিবার রাতে পৌর শহরের মুসলিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত যুবলীগ নেতা শেখ আল মামুনের বিরুদ্ধে বিভিন্ন গুরুতর অভিযোগ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—জাহাজ থেকে মালামাল পাচার, চাঁদাবাজি, টেন্ডার নিয়ন্ত্রণ, মাদক ব্যবসা, জুয়া পরিচালনা এবং অবৈধ বালু উত্তোলনের মতো সন্ত্রাসী কার্যকলাপ। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মোঃ আনিসুর রহমান নিশ্চিত করে বলেন, ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে শেখ আল মামুনকে আটক করা হয়েছে। রোববার সকালে তাকে বাগেরহাট জেলা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।