বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা : জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ বলেন- ফ্যাসিবাদ বিদায় হয়েছে কিন্তু‘ তাদের দোসররা এখনো আছে। তাই বিচার, সংস্কার ও স্থানীয় নির্বাচন আগে দিতে হবে। গত শনিবার বাউফলের চন্দ্রপাড়া ঢালী আছিয়া খাতুন আলিম মাদরাসার সীমানা প্রাচীর ও ভবন সংস্কার কাজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ড. শফিকুল ইসলাম মাসুদ আরো বলেন জামায়াতকে বিজয়ী করা মানে সততা, নৈতিকতা, ও দক্ষতা বিবেচনা করে একজন সৈনিককে বিজয়ী করা। আমরা শাসক হতে চাইনা আমরা জনগণের সেবক হতে চাই। জামায়াত বিজয়ী হলে এমপি হবে বাউফলের সাড়ে চার লক্ষ মানুষ। আমরা এরকম একজন সেবক বানাতে চাই। বিগত দিনে যারা শাসক হয়েছে তার মাদরাসার সভাপতি হয়ে নিয়োগ দেয়ার নামে লক্ষ লক্ষ ভাগ বাটোয়ার করে খেয়েছে ।
শিক্ষার্থীদের উদ্যেশ্যে তিনি বলেন-তোমরা যদি শিক্ষকদের সম্মান কর তাদের কথাশুনে লেখা পড়ায় বেশী করে মনোযোগ দাও তা হলে এ প্রতিষ্ঠান থেকে দক্ষ যোগ্য লোক তৈরি হবে যা বাংলাদেশ পরিচালনায় ভূমিকা রাখতে পারে। এ ব্যাপারে অভিভাবকদের সহযোগিতা করতে হবে। চন্দ্রপাড়া ঢালী আছিয়া খাতুন আলিম মাদরাসা গভর্নিং বডির সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এসময় জামায়াতে ইসলামীর বাউফল উপজেলা আমীর মাওলানা মো. ইসহাক মিয়া, নায়েবে আমীর মাওলানা মু. রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমান, অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ, মাও. আব্দুস সাত্তার, মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম, বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের বাউফল উপজেলা শাখার সভাপতি মো. লিমন হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।