স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গাজীপুর মহানগরীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা মন্ডপের প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন জেলা প্রশাসক নাফিসা আরেফিন। বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় তিনি সদর মেট্রো থানাধীন শ্রীশ্রী কৃপাময়ী কেন্দ্রীয় কালী মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শন করেন।

মন্ডপে পৌঁছালে আয়োজক কমিটির সদস্যরা জেলা প্রশাসককে স্বাগত জানান। তিনি প্রতিমার কাজ ঘুরে দেখেন, প্রস্তুতির খোঁজখবর নেন এবং নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ভক্ত ও পূজারীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন, সেজন্য সবধরনের প্রস্তুতি নিতে হবে।

জেলা প্রশাসক নাফিসা আরেফিন বলেন, প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, সহযোগিতাও অব্যাহত রয়েছে। শারদীয় দুর্গোৎসব কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের দেশীয় সংস্কৃতির অংশ এবং সার্বজনীন আনন্দের প্রতীক। তিনি আশা প্রকাশ করেন, এ বছরও সবার অংশগ্রহণে দুর্গোৎসব আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হবে।

এরপর জেলা প্রশাসক মাদববাড়ীসহ মহানগরীর আরও কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোতাচ্ছেম বিল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেন, নেজারত ডেপুটি কালেক্টর আবু বকরসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তারা।

আয়োজক কমিটির পক্ষ থেকে কৃপাময়ী কালী মন্দিরের সাধারণ সম্পাদক বাপ্পি দে, রাজিব, তপনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বছর গাজীপুর মহানগরীতে ১২১টি ও জেলার ৫ থানায় ৩৪০টি মিলে মোট ৪৬১টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।