চকরিয়া সংবাদদাতা: কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা এলাকায় চিংড়ি ঘেরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নেজাম গ্রুপ ও জাহাঙ্গীর গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও গুলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (২৫ অক্টোবর) সকাল থেকে থেমে থেমে গুলির শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। এ ঘটনায় মো. সিরাজ (৩৭) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তিনি নেজাম গ্রুপের সমর্থক ও স্থানীয় বাসিন্দা ওমর আলীর পুত্র বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সওদাগরঘোনা এলাকায় চিংড়ি ঘেরের দখল নিয়ে দুই পক্ষের বিরোধ চলে আসছিল। সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে, একপর্যায়ে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে এবং দুই দিক থেকেই গুলি ছোঁড়া হয়। এতে ঘটনাস্থলেই সিরাজ নিহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। বর্তমানে পুরো এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।