ভূমিহীনদের পুনর্বাসনের জন্য সরকারি বরাদ্দকৃত ঋণের টাকা আত্মসাতের অভিযোগে এক এনজিও কর্মকর্তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। মামলাটি পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী রেজাউল করিম রনি।

দ-িত সৈয়দ হাসানুজ্জামান লিটন ‘রিহ্যাবিলিটেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর ল্যান্ডলেস’ (র্রাডল) নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার মহাসচিব ছিলেন। তার বাড়ি টাঙ্গাইল জেলায়।

মামলার নথি অনুযায়ী, ১৯৯৬ সালে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে চট্টগ্রামের ১০টি আদর্শ গ্রামের ভূমিহীনদের মধ্যে ঋণ বিতরণের দায়িত্ব পায় র্যাডল। এ জন্য প্রতিষ্ঠানটিকে ১২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে সম্পূর্ণ অর্থ বিতরণ না করে ২ লাখ ২৩ হাজার ১৭০ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এ ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়।