মংলা সংবাদদাতা : মোংলায় বিশেষ অভিযানে প্রায় ১ লক্ষ ৮৫ হাজার টাকা মূল্যের ২৬৪ ক্যান বিদেশি বিয়ার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সম্প্রতি কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি টিম মোংলা বন্দরের নিকটবর্তী ইঞ্জিনিয়ারিং ভবনের সামনে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ঐ এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় ২৬৪ ক্যান বিদেশি বিয়ার, যার আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ ৮৪ হাজার ৮০০ টাকা।

তিনি আরও জানান, কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মদ সংক্রান্ত পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, মাদকের করাল গ্রাস থেকে তরুণ সমাজকে রক্ষা করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মাগুরা : মাগুরায় বাস তল্লাশি করে ১ হাজার ৯শত ৮২ পিচ ইয়াবাসহ মাগুরা শহরের পারনানান্দুয়ালী মডেল মসজিদের সামনে থেকে শাকিল (২৫) নামে এক বাসযাত্রী যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব- ৬। আটক শাকিল কক্সবাজারে রামু উপজেলার দীঘিয়াদীঘি গ্রামের নূরুল আমিনের পুত্র।

র‌্যাব-৬ এর মাগুরা-ঝিনাইদহ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নাঈম আহমেদ এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ঢাকা থেকে খুলনাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। এ সময় একটি আসনে থাকা সন্দেহভাজন বাস যাত্রী শাকিল নামে এক যুবককে তল্লাশি চালিয়ে ১৯৮২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে তাৎক্ষণিক আটক করা হয়।

র‌্যাব জানায়, আটক যাত্রী মাদক বহনের সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, মাদকের বিরুদ্ধে র‌্যাবের এ ধরনের অভিযান এলাকায় স্বস্তি ফিরিয়েছে এবং তারা এ কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানান।

শাল্লা (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের শাল্লা থানার পুলিশের বিশেষ অভিযানে প্রায় ১৫ লাখ টাকার ৪৬ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি এই অভিযান পরিচালিত হয়।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে প্রথম অভিযানটি চালানো হয় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উজানগাঁও গ্রামের আব্দুল মন্নাছের ছেলে জহিরুল ইসলাম (৩৬) কে ৪৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

এরপর একই রাত সাড়ে ৩টায় পৃথক আরেকটি অভিযানে দৌলতপুর গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী উজ্জলা বেগম (৩৭) এবং রুপ মিয়া ওরফে রুইক্কা (৫০) কে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়। এই অভিযানেও ওসি শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই তারেক নাজির ও এএসআই আক্তারুজ্জামান অংশ নেন।

শাল্লা থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, “গাঁজার একটি বড় চালান শাল্লায় আসছে-এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। দুটি পৃথক অভিযানে তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারদের সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলছে।”

স্থানীয়দের মতে, শাল্লায় দীর্ঘদিন ধরে মাদক কারবারীরা সক্রিয় থাকলেও এতো বড় চালান একসাথে ধরা পড়া বিরল ঘটনা। পুলিশি তৎপরতায় এলাকায় মাদকের বিরুদ্ধে জনমনে স্বস্তি ফিরে এসেছে।