শাজাহানপুর (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার শাজাহানপুরের খোট্রাপাড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী।
গতকাল সোমবার সকাল ১০:৩০ থেকে দুপুর ২টা পর্যন্ত ইউনিয়নের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় দুবলাগাড়ী ডিগ্রি কলেজ, ঘাষিড়া দাখিল মাদ্রাসা, মোস্তাইল পাঁচপীরতলা বালিকা উচ্চ বিদ্যালয়, বোহাইল উচ্চ বিদ্যালয় ও জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
গোলাম রব্বানী সভায় বলেন, “শিক্ষক-শিক্ষার্থীর অধিকার রক্ষা ও প্রতিষ্ঠা আমাদের অঙ্গীকার। শিক্ষা জাতির মেরুদ-। সু-শিক্ষা, আদর্শিক ও ধর্মীয় শিক্ষার মাধ্যমে জাতিকে আলোকিত করা সম্ভব। শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব। তাদের নৈতিক ও আদর্শিক শিক্ষা নিশ্চিত করতে হবে। আমরা ক্ষমতায় এলে শিক্ষাক্ষেত্রে শিক্ষকের মর্যাদা এবং শিক্ষার্থীর অধিকার নিশ্চিত করব। আল্লাহর আইন অনুসারে পরিচালিত শিক্ষা ব্যবস্থা সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করবে।”
তিনি আরও বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে শিক্ষার মান উন্নয়ন এবং নৈতিক শিক্ষার বিস্তার নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।”
সভায় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও খরনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিক, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুর রউফ খাঁন, ইউনিয়ন আমীর অধ্যাপক শহিদুল ইসলাম, দুবলাগাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সাজ্জাদুর রহমান, মোস্তাইল পাঁচপীরতলা বালিকা মাদ্রাসার সহ-সুপার মুস্তাফিজুর রহমান, ঘাষিড়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল ওয়াদুদ, বোহাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোকলেছুর রহমান সহ অর্ধশতাধিক শিক্ষক।
শিক্ষকরা সভায় তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সমাধানের জন্য প্রধান অতিথির প্রতি সমর্থন জানান। এছাড়া তারা শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের নৈতিক দিক গঠনে সক্রিয় অংশগ্রহণের প্রতিশ্রুতি দেন।