ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতকে সরকারি খাদ্যগুদামের বিতর্কিত এলএসডি সুলতানা পারভীন এর বিরুদ্ধে দৈনিক সংগ্রামে সংবাদ প্রকাশের পর চট্টগ্রাম বদলী করা হয়েছে। গত ৩ জুলাই খাদ্য অধিদপ্তরের উপ-পরিচালক (সংস্থাপন) মোঃ মনিরুল ইসলামের স্বাক্ষরিত এক আদেশে তাকে চট্টগ্রামের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এর অধীনে ন্যাস্ত করার তথ্য পাওয়া গেছে খাদ্য অধিদপ্তরের ওয়েব সাইটে। সুলতানা পারভীনের বিরুদ্ধে ধান সংগ্রহের নামে অনিয়ম-দুর্নীতি, সিন্ডিকেট ও ঘুষ বাণিজ্যের মাধ্যমে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গত ২৪ জুন জাতীয় ও স্থানীয় একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। একজন নারী কর্মকর্তার এমন দুর্নীতি নিয়ে উপজেলা জুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সচেতন মহলের দাবি সরকারী সম্পত্তি বা অর্থ আত্মসাৎ এর বিষয় যেন শুধু বদলীর মাধ্যমে ধামাচাপা না হয়। সুলতানা পারভীন এর বদলীর বিষয় নিশ্চিত করেছেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম।