আমীর হামজা, (কুষ্টিয়া) সংবাদদাতা : হিমোফিলিয়া সোসাইটি অফ বাংলাদেশের ন্যাশনাল ভলেন্টিয়ার কমিটির উদ্যোগে এবং খুলনা ডিভিশনাল ভলেন্টিয়ার কমিটির আয়োজনে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হিমোফিলিয়া চিকিৎসা সেবা উন্নয়নের দাবিতে শনিবার (১৮ অক্টোবর ২০২৫) এক মানববন্ধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হিমোফিলিয়া ট্রিটমেন্ট সেন্টার (ঐঞঈ) স্থাপন, ব্লাড ব্যাংক চালু, এবং রোগীদের জন্য ফ্যাক্টর ৮ ও ৯, প্লাজমা, ক্রায়োপ্রেসিপিটেট, ফিজিওথেরাপি সেবাসহ সার্বিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, রাজবাড়ী ও মেহেরপুর জেলার প্রায় শতাধিক হিমোফিলিয়া রোগী ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা ডিভিশনাল ভলেন্টিয়ার কমিটির সভাপতি জনাব নাজমুস সাকিব, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিমোফিলিয়া সোসাইটি অফ বাংলাদেশের সাবেক কার্যনির্বাহী সদস্য জনাব আব্দুল হালিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা ডিভিশনাল ভলেন্টিয়ার কমিটির সহ-সভাপতি খন্দকার ফিরোজ আহমেদ, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আরিফ, সদস্য সুমন আহমেদ ও শাহিদা খাতুন, খুলনা ডিভিশনাল ইউথ কমিটির সহ-সভাপতি মামুন হোসেন, সদস্য ফাহিম বিশ্বাসসহ অন্যান্য স্বেচ্ছাসেবক ও সমাজকর্মীরা।
মতবিনিময় সভা শেষে উপস্থিত প্রতিনিধিরা কুচ্ছিা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সোনিয়া কাওহাবী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
এ সময় নাজমুস সাকিব ও আব্দুল হালিম বর্তমান চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতা তুলে ধরে রোগীদের চাহিদা সম্পর্কে অবহিত করেন।
সহকারী পরিচালক ডা. সোনিয়া কাওহাবী হিমোফিলিয়া রোগীদের চিকিৎসা সেবা উন্নয়নের দাবি গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।