বাঁশখালী, (চট্টগ্রাম) থেকে সংবাদাতা : চট্টগ্রামের বাঁশখালীতে ১৯৯১ সনে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় পরবর্তী ১৯৯২ সনে চার্স অব বাংলাদেশ কর্তৃক নির্মিত গ-ামারা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চরপাড়া এলাকার আশ্রয়কেন্দ্র (ভবনটি) নির্মাণের প্রায় ৩ যুগের কাছাকাছি সময় অতিবাহিত হলেও নির্মাণ পরবর্তী থেকে ভবনটির সংস্কার না হওয়ায় বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভবনটি যেকোনো সময় ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা।

এরই মধ্যে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া ভবনটি ধসে পড়ার আগে ভবনটি দ্রুত ভেঙে অপসারণ করতে এলাকাবাসীর পক্ষ থেকে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি আবেদন জমা দিয়েছে গ-ামারা চরপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদ আহমদ।

১৮ মে সকালে সরেজমিনে পরিদর্শনকালে উপজেলার গ-ামারা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চরপাড়া ১৩৬ নং আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ভবনটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ার দৃশ্য দেখা গেছে। ভবনটির দুটি পিলার একেবারেই জরাজীর্ণ হয়ে গেছে। চরপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদ আহমদসহ স্থানীয় অন্তত অর্ধশতাধিক মানুষ অভিযোগ করে বলেন, চার্স অব বাংলাদেশ কর্তৃক ১৯৯২ সনে নির্মিত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে।