ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুরের ইন্দুরকানীতে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তা সংস্কার করল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। সম্প্রতি উপজেলার পাড়েরহাট ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ সংস্কার কাজ করা হয়। এতে অংশনেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো. ফারুক হোসেন, সেক্রেটারি মোঃ জালাল, শ্রমিক কল্যান ফেডারেশন ইউনিয়ন সভাপতি মো. মারুফুল ইসলাম মুনান খান, যুব জামায়াতের মোঃ ইব্রাহীম সহ স্থানীয় কর্মীরা।

পাড়েরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. জালাল হোসেন জানান, দক্ষিনাঞ্চলের অন্যতম বৃহত্তম মৎস্য বন্দর পাড়েরহাট বাজার থেকে পাড়েরহাট বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তাটি একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা। দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। ফলে বন্ধ হয়ে গেছে ভারী যান চলাচল। ছোট যানবাহন চললেও প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। মানুষের ভোগান্তির কথা ভেবে ওই সড়কটি সংস্কার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলাম এর নেতাকর্মীরা।