ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা : ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য দিদারুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ভুক্তভোগী সোমবার ২ জুন বিকাল সাড়ে ৪ টায় বাঁশঘাটা এলাকায় এ মানবববন্ধনে অংশ নেন। মেম্বারের বিভিন্ন দুর্নীতি ও অপকর্ম তুলে ধরে তারা অভিযুক্তের মেম্বার পদ বাতিলের দাবী জানান।
সংশ্লিষ্টরা জানান, ভুক্তভোগীরা ইতোপূর্বে কর্মসৃজন প্রকল্পে কাজ করেছেন। তাদের তালিকায় ৫০ জন সদস্য ছিল। যাদের ভাতা পাওয়ার সীমকার্ড ও পিনকোড মেম্বার দিদারুল ইসলাম নিজের কাছে রেখে দিতেন। সরকারী ভাতা এলে তিনি কাউকে না জানিয়ে সবার ভাতা উত্তোলন করে ২/৩ শ টাকা হারে বিতরণ করে সমুদয় টাকা নিজে ভোগ করেছেন। ন্যায্য টাকা ও সীমকার্ড ফেরত চাইলে তিনি নানান হুমকি ধামকিসহ কাজ থেকেও বাদ দেয়ার ভয়ভীতি দেখিয়েছেন। তালিকায় ৫০ জনের নাম থাকলেও মাত্র ২৩ জন কাজে উপস্থিত থাকতেন। কিন্তু মেম্বার সবাইকে উপস্থিত দেখিয়ে সকল টাকা নিজে আত্মসাত করেছেন। এ বিষয়ে গত ৬ ফেব্রুয়ারী উপজেলা নির্বাহী অফিসারের নিকট ভোক্তভোগীরা লিখিত অভিযোগ দেন। অভিযোগটি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তদন্ত করছেন।