ব্রহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক হিন্দু ধর্মাবলম্বীর বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে পরিবারটির প্রায় ২০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। আকষ্মিক অগ্নিকান্ডের ফলে ঘরের ৫টি কক্ষের আসবাবপত্র, রক্ষিত নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ কিছুই বের করা সম্ভব হয়নি। ফলে পরিবারটি প্রায় নিঃস্ব হয়ে পড়েছে। এ অবস্থায় তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তায় নিয়ে ছুটে এলেন জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর অধ্যক্ষ মুহাম্মদ মুবারক হোসাইন।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামের হিন্দু পরিবার শ্রীনিবাস দাসের বাড়িতে আগুন লেগে তার বসতঘরের ৫টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরে চিকিৎসার জন্য রক্ষিত নগদ ৫ লক্ষ টাকা, মূল্যবান আসবাবপত্র ও স্বর্ণালঙ্কারসহ কিছুই বের করা সম্ভব হয়নি। ফলে আগুনে পুড়ে পরিবারটির প্রায় ২০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। এছাড়া আগুনে পুরে নারী ও শিশুসহ ২ জন আহত হয়েছে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে রান্না ঘরে থাকা দুটি এলপি গ্যাসের সিলিন্ডার বিষ্ফোরিত হয়ে আগুন পুরো ঘরে ছড়িয়ে পরে। এসময় আগুনের লেলিহান শিখায় চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় প্রায় দেড় ঘন্টা পর আগুন নেভানো সম্ভব হলেও ততক্ষণে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে ফায়ার সার্ভিসের প্রচেষ্টার ফলে আগুন পার্শ্ববর্তী বাড়িতে ছড়াতে পারেনি।

পুরে যাওয়া বাড়ির মালিক শ্রীনিবাস দাস জানান, হঠাৎ আগুন ছড়িয়ে পড়ার কারণে তার পরিবারের কেউ পরনের কাপড় ছাড়া কিছুই নিয়ে বের হতে পরেনি। এরই মধ্যে তার এক পূত্রবধু ও এক শিশু নাতি পুড়ে আহত হয়। তাদেরকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো জানান যে, তিনি হার্টের রোগী। তার চিকিৎসা করতে ঢাকা যাবার জন্য এনজিও সংস্থা থেকে ঋণ করে নগদ পাঁচ লক্ষ টাকা ঘরে রেখেছিলেন-যা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে মানবিক সহায়তায় নিয়ে ছুটে এলেন জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর অধ্যক্ষ মুহাম্মদ মুবারক হোসাইন। তিনি ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, আশুগঞ্জ উপজেলা জামায়তের আমীর শাহজাহান ভূঁইয়া, জেলা জামায়াতের দপ্তর সম্পাদক অ্যাড. মনির হোসেন, আশুগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি নাইমুর রহমান ও লালপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মনির হোসাইন প্রমুখ।

এসময় জেলা আমীর অধ্যক্ষ মুহাম্মদ মুবারক হোসাইন বলেন, মানুষের বিপদের সময় ধর্মবর্ণ নির্বিশেষে পাশে দাড়ানো আমাদের নবীজির (সা.) শিক্ষা। মানবিক নেতা আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আমাদেরকে এ ব্যাপারে সাধ্যমত ভূমিকা রাখতে নির্দেশনা দিয়ে রেখেছেন। তিনি স্থানীয় প্রশাসন ও ভিত্তবানদের ক্ষতিগ্রস্থ পরিবারটির পাশে দাড়ানোর আহবান জানান।