কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা : কেরানীগঞ্জ ১০ লাখ টাকা চাঁদা না দেয়ায় ভুক্তভোগীর মালিকানাধীন একটি দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে চাঁদাবাজরা। এ ঘটনায় ভুক্তভোগী লিয়াকত হোসেন বাবুল দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে পুলিশের কাছ থেকে আশানুরূপ সহায়তা না পেয়ে সোমবার তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। লিয়াকত হোসেন বাবুল বলেন, কেরানীগঞ্জের হাসনাবাদ নাইয়াটোলা মৌজায় পৈত্রিক সূত্রে প্রাপ্ত তাদের ৯ শতাংশ জমি রয়েছে। ওই জমিতে তারা তিন তলা বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। বাড়ির নিচতলায় দুটি দোকান ভাড়া দিয়েছেন। সম্প্রতি স্থানীয় নূরে আলম, শহিদ আলম, কামাল মিয়া, মো: ফারুক ও মনির হোসেন আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে গত ১৪ জুলাই দুপুরে তারা দলবল নিয়ে এসে ভাড়াটিয়াকে মারধর করে বের দিয়ে একটি আমার মালিকানাধীন একটি দোকানে তালা ঝুলিয়ে দেয়। এব্যাপারে ওইদিনই থানায় লিখিত অভিযোগ করলেও আশানুরূপ কোন সহায়তা পাইনি। এখন চাঁদাবাজরা হুমকি দিচ্ছে। এবিষয়ে জানতে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আকতার হোসেন বলেন, একটি অভিযোগ পেয়েছি। এএসআই আতাউর সেটি তদন্ত করছে। তদন্তের ফলাফল আমাকে জানালে সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।