কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা : কাউখালীতে গণপিটুনিতে ডাকাত নিহতের ঘটনায় নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে এলাকাবাসী বিশাল মানববন্ধন করেছে। গতকাল বুধবার (২৯ অক্টোবর) কাউখালী উপজেলার (পিরোজপুর বরিশাল মহাসড়কের) ব্যস্ততম সড়ক শিয়ালকাঠি চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার শত শত নারী পুরুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে।

মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, নিহত ডাকাত আলী হোসেন এলাকায় একটি চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিল। গাজা ইয়াবা সহ বিভিন্ন মাদক ব্যবসার সাথে সে জড়িত ছিল। এলাকার উঠতি বয়সী মেয়েদের উত্ত্যক্ত করা ছিল তার নিত্যদিনের কাজ। মানববন্ধনে অংশগ্রহণ করা এক ছাত্রী জানান, নিহত আলী হোসেনের ভয়ে তারা এলাকায় ঠিক মতো স্কুল কলেজে যেতে পারত না। তার সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ করলে সে মানুষকে ভয়-ভীতি দেখাতো। তার অন্যায়ের প্রতিবাদ করার কেউ সাহস দেখাতো না। হয়রানির শিকার পরিবার ও এলাকাবাসীর দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে নিরীহ মানুষকে হয়রানি না করা আহবান জানান

উল্লেখ্য গত ১৯ অক্টোবর দিবাগত রাতে কাউখালী উপজেলার ৫ নং শেয়ালকাঠি ইউনিয়নের বান্দাঘাটায় ডাকাতির প্রস্তুতি কালে জনগণের হাতে ধৃত হয়ে গনপিটুনিতে আলী হোসেন নামে এক ডাকাত মারাত্মকভাবে আহত হয়। আহত ডাকাত আলী হোসেনকে প্রথমে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা ২৫০ সয্যা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত আলী হোসেনের নামে কাউখালী, পিরোজপুর, ঝালকাঠি ও ঢাকায় একাধিক মামলা রয়েছে।