ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা : মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পুখুরিয়া এলাকায় নিখোঁজের দুই দিন পর স্থানীয় ক্ষিরাই নদী থেকে মসজিদের ইমামের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে স্থানীয়রা ক্ষিরাই নদীতে লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ইমামের নাম রফিকুল ইসলাম (৩৮)। তিনি সিরাজগঞ্জের চৌহালী থানার বাঘুটিয়া ইউনিয়নের আব্দুর রহিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম গত এক বছর ধরে ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামের বৈন্যা প্রসাদ পূর্বপাড়া জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত রোববার ভোরে তিনি ফজরের নামাজ পড়ান। তবে যোহরের নামাজের সময় থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর থেকেই স্থানীয়রা ও স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।

মসজিদের সভাপতি বিল্লাল উদ্দিন বলেন, আমাদের ইমাম সাহেব গত রোববার ফজরের নামাজ পড়িয়েছেন। কিন্তু যোহরের নামাজে হাজির না হওয়ায় আমরা খোঁজ শুরু করি। গতকাল সকালে তার লাশ নদীতে ভাসতে দেখি। বিষয়টি খুবই মর্মান্তিক।

ঘিওর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কোহিনূর ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।