নীলফামারী সংবাদদাতা : তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি শিশুদের সুরক্ষা নিশ্চিত করি এ প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে জলঢাকায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্যদের নিয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা ক্লিনিক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের সার্বিক আয়োজনে গতকাল ১৭ই জুন মঙ্গলবার সকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির কোর্স পরিচালক ও উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে মুল প্রবন্ধ উপস্থাপক এবং তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বিধিমালা সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডাঃ কাজী মোহাম্মদ আতিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ.বি.এম সারোয়ার রাব্বী, থানা অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহজাহান কবীর লেলিন, কৃষি সম্প্রসারণ অফিসার আসাদুজ্জামান আসাদ প্রমুখ।