গুইমারা (খাগড়াছড়ি) সংবাদদাতা : গুইমারার রামসু বাজারে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবুল কালাম শামসুদ্দিন রানা, পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। একইসঙ্গে সিন্দুকছড়ি জোন স্থানীয় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শ্রেণীর বই ও শিক্ষা সামগ্রী বিতরণ করে। এছাড়াও, একই স্থানে সিন্দুকছড়ি জোনের উদ্যোগে একটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এই ক্যাম্পেইনে প্রায় ১৯০ জন পাহাড়ি ও ৮০ জন বাঙালি অসুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবুল কালাম শামসুদ্দিন রানা, পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইসমাইল শামস আজিজী, পিএসসি, জি, এবং গুইমারা রিজিয়ন ও সিন্দুকছড়ি জোনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।