সাতকানিয়া সংবাদদাতা : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের মুন্সির পাড়া গ্রামে কয়েকদিন আগে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছিল। এমন দুঃসময়ে তাদের পাশে দাঁড়িয়েছে পশ্চিম ঢেমশা ইউনিয়ন জামায়াতে ইসলামী। গতকাল শনিবার দুপুরে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয় ইউনিয়ন জামায়াতের উদ্যোগে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা জামায়াতের সমাজসেবা বিষয়ক সেক্রেটারি রফিকুল ইসলাম, আইটি সেক্রেটারি কামরুল ইসলাম, পশ্চিম ঢেমশা ইউনিয়ন জামায়াত সভাপতি ও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক এবং ইউনিয়ন সেক্রেটারি আব্দুল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, “জামায়াতে ইসলামি সবসময় মানুষের দুঃখ-কষ্টে পাশে থাকার চেষ্টা করে। ভবিষ্যতে এ ধরনের দুর্যোগ মোকাবেলায় আরো সহায়তা অব্যাহত থাকবে।” স্থানীয়দের মাঝে এই সহায়তা প্রোগ্রাম প্রশংসা কুড়িয়েছে এবং জামায়াতের এই উদ্যোগকে মানবিক দৃষ্টান্ত হিসেবে দেখছেন অনেকে।