কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা : গত ১২ জুন রাত সোয়া ১১টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ইন্দ্রনগর মোড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠণের নেতা কর্মীদের মিছিল ও বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম বিরোধী ষড়যন্ত্র, গণঅভ্যুত্থানে প্রতিষ্ঠিত বৈধ সরকারকে উৎখাত, জনসাধারণের শান্তি বিনষ্ট ও অর্ন্তঘাতমুলক কর্মকান্ডের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ইন্দ্রনগর গ্রামের শেখ আকবর আলীর ছেলে মহিবুল্লাহ বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইন ও বিষ্ফোরক দ্রব্য আইনে থানায় এ মামলা দায়ের করেন। মামলায় নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড়, কালিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাঈদ মেহেদী, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোনায়েম পাড়, নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হকসহ ৪৩ জন ও অজ্ঞাতনামা ৭০ জনকে আসামী শ্রেণীভুক্ত করা হয়েছে। মামলার এজাহারভুক্ত দুই আসামীকে শুক্রবার দুপুরে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, কালিগঞ্জ উপজেলার ইন্দ্রনগর গ্রামের এলাহীবক্সের ছেলে মুজিবর রহমান পাড় ও একই উপজেলার দুদলী গ্রামের শেখ শহীদুল ইসলামের ছেলে আনারুল ইসলাম।

মামলার বিবরণে জানা যায়, গত ১২ জুন রাত সোয়া ১১টার দিকে কালিগঞ্জ উপজেলার ইন্দ্রনগর মোড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠণের নেতা কর্মীরা আওয়ামী লীগ নেতা সাঈদ মেহেদীর নির্দেশে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একটি মিছিল করে। মিছিল থেকে বর্তমান সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। এতে পলাতক শেখ হাসিনার উস্কানি ছিল। পুলিশ ঘটনাস্থলে এসে তিনটি ককটেল, ২৭টি লাঠি, চারটি লোহার রড, দুটি জিআই পাইপ, ১০টি স্যালো ও একটি সরকার বিরোধী ব্যানার উদ্ধার করে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, মুহবুল্লাহ এর দায়েরকৃত মামলায় দুইজনক গ্রেপ্তার করে শুক্রবার বিকেল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।