বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের রামপুরা উত্তর থানার রুকন পারভিন সুলতানা গত ১৯ অক্টোবর রাত সাড়ে ৮টায় মগবাজার কমিউনিটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন লিভার সিরোসিস সহ নানাবিধ শারীরিক জটিলতায় ভূগছিলেন। তার বয়স হয়েছিলো ৬৫ বছর। মৃত্যুকালে স্বামী ও দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছে। তার গ্রামের বাড়ী সিরাজগঞ্জ সদরে।
মরহুমার নামাজে জানাজা গতকাল সোমবার বাদ ফজর সিরাজগঞ্জে গ্রামের বাড়ীতে অনুষ্ঠিত হয় এবং পরে তাকে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের দাফন করা হয়। মরহুমার স্বামী আব্দুল হাদীও জামায়াতের রুকন। নামাজে জানাজায় স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।
শোকবাণী : পারভীন সুলতানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
এক যৌথ শোকবাণীতে মহানগরী নেতৃদ্বয় বলেন, মরহুমা পারভীন সুলতানা ছিলেন ইসলামী নারী আন্দোলনের নিবেদিতপ্রাণ শপথের কর্মী। তিনি কুরআন-সুন্নাহর আদর্শের ভিত্তিতে দেশকে ন্যায়- ইনসাফভিত্তিক ইসলামী কল্যাণে রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখতেন এবং জীবনের শেষদিন পর্যন্ত সে লক্ষ্যে আপোষহীন ছিলেন। তার মৃত্যুতে আমরা একজন নিবেদিতপ্রাণ সহযোদ্ধাকে হারালাম। নেতৃদ্বয় মরহুমার রূহের মাগফিরাত কামনা করে তাঁকে জান্নাতের আ’লা মাকাম দানের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন। তাঁরা তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সবরে জামিল ধারনের তাওফিক কামনা করেন।