টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : দীর্ঘদিন ধরে অবৈধভাবে বন্ধ হয়ে থাকা বালিগাঁও খালের মুখ খুলে দেওয়ার সম্ভাবনায় নতুন করে আশার আলো দেখছেন স্থানীয়রা। এই মুখ খুলে গেলে প্রাণ ফিরে পেতে পারে টঙ্গীবাড়ীর অন্যতম প্রধান জলপ্রবাহ আড়িয়ল খাল।

উপজেলার বালিগাঁও ইউনিয়নের পূর্ব-বালিগাঁও পাঠানবাড়ী ব্রিজসংলগ্ন এবং পেট্রোল পাম্পের উত্তর পাশে বন্ধ হয়ে যাওয়া খালের মুখ সরেজমিনে পরিদর্শন করেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। তাঁর সঙ্গে ছিলেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার, মুন্সীগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম পিন্টু, সরোজ বন্দ্যোপাধ্যায়, মোঃ আলী, গাজি মোর্শেদ, সমাজসেবী অনিক শেখ, মোঃ মুরাদসহ আড়িয়ল খাল রক্ষা পরিষদের সদস্যরা এবং স্থানীয় সচেতন ব্যক্তিরা।

পরিদর্শনকালে তারা বালিগাঁও খানবাড়ী এলাকায় দখল হয়ে যাওয়া খালের অংশটিও ঘুরে দেখেন। স্থানীয়দের অভিযোগ, প্রায় গত ১০ বছরেরও বেশি সময় ধরে খালটির মুখ বন্ধ হয়ে আছে, যা আড়িয়ল খালের স্বাভাবিক প্রবাহকে প্রায় অকার্যকর করে তুলেছে। ফলে বর্ষায় জলাবদ্ধতা, কৃষিজমিতে পানি জমে ফসলের ক্ষতি, এমনকি মৎস্যজীবীদের জীবিকাও হুমকির মুখে পড়েছে।