নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের নান্দাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগ বাতিলসহ ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে প্রতিবাদ সমাবেশে ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ইত্তেফাকুল উলামা নান্দাইল উপজেলা শাখার আয়োজনে চন্ডিপাশা হাই স্কুল খেলার মাঠে এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও উপজেলা সদরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ইত্তেফাকুল উলামা নান্দাইল শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম কাসেমীর সভাপতিত্বে ও মাওলানা আমরুল্লাহর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে শেষে বক্তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্তকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। দলটির নেতৃৃবৃন্দ আরও জানায়, দেশের অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ। শিশুরা নৈতিকতা ও ধর্মীয় শিক্ষার মাধ্যমে বেড়ে উঠুক, এটাই তাদের প্রত্যাশা। তাই প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া অত্যাবশ্যক। তারা আরও বলেন, নৈতিক অবক্ষয় রোধ এবং একটি সুনাগরিক গড়ে তোলার জন্য ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই।

বক্তারা আরও জানায়, তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। তারা সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছেন, জনদাবিকে গুরুত্ব দিয়ে প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করে অবিলম্বে ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যবস্থা গ্রহণ করার জন্য।