কুরবানির ঈদ সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের স্রোত বাড়ছে রাজধানী ও গাজীপুরজুড়ে। বিশেষ করে কর্মজীবী ও পোশাক শ্রমিকরা ছুটিতে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে গ্রামে ফিরতে শুরু করেছেন। এরই মধ্যে গাজীপুরের দু’টি গুরুত্বপূর্ণ মহাসড়কÑঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ সড়কে যাত্রী ও যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়ছে।
জানা গেছে, শিল্পনগরী গাজীপুরে রয়েছে ২ হাজার ১৭৬টি নিবন্ধিত শিল্পপ্রতিষ্ঠান, এর মধ্যে ১ হাজার ১৫৪টি পোশাক কারখানা। এসব কারখানায় কাজ করা কয়েক লাখ শ্রমিক ঈদের ছুটিতে নিজ গ্রামে ফিরে যাচ্ছেন। ফলে চন্দ্রা ত্রিমোড়, কালিয়াকৈর, সফিপুর, চান্দনা চৌরাস্তা ও টঙ্গীসহ বিভিন্ন মোড়ে ঘরমুখো যাত্রীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে এই চাপ আরও বাড়ছে।
গত ৪ জুন দুপুর পর্যন্ত কোথাও বড় ধরনের যানজটের খবর না পাওয়া গেলেও মহাসড়কের বিভিন্ন মোড়ে যাত্রী তুলতে থেমে থেমে যান চলাচলে বিঘ্ন ঘটছে।
যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও বিজিবি যৌথভাবে কাজ করছে। ঈদের আগে স্বস্তির যাত্রা নিশ্চিত করতে গাজীপুরের মহাসড়কে চার হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি, মো. দেলোয়ার হোসেন মিঞা।
দুপুরে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড়ে মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা ও যানজট নিয়ন্ত্রণ সংক্রান্ত এক প্রেসব্রিফিংয়ে তিনি বলেন, “বৃষ্টির কারণে ঈদ যাত্রা কিছুটা বিঘ্নিত হলেও এবারও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে আছি।”
এসময় হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পুলিশ প্রশাসনসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।