গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : গত ৯ জুন থেকে আম ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে কেজি প্রতি ৩ টাকা হারে কমিশন নিবে রাজশাহী অঞ্চলের আম আড়তদাররা।
রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের ২য় বৃহত্তম আমবাজার রহনপুর আম আড়তদার সমবায় সমিতির কার্যালয়ে আয়োজিত রাজশাহী বিভাগীয় আম আড়তদার ও ব্যবসায়ী সমিতির এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সাংবাদিক সম্মেলনে আরও জানানো হয়, গত ৫ জুন (বৃহস্পতিবার) রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত রাজশাহী অঞ্চলের আমচাষী, ব্যবসায়ি ও আড়তদার নেতৃবৃন্দের সভায় আড়তদারদের আম ক্রেতা-বিক্রেতাদের কাছে কোন কমিশন না নেয়ার প্রশাসনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহবান জানান তারা। এছাড়া, সাংবাদিক সম্মেলনে আম ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে কেজি প্রতি ৩ টাকা করে কমিশন নেয়ার কথা ঘোষণা করা হয়। কমিশন আদায়ে কোন প্রকার বাধা দেয়া হলে আড়তগুলোতে আম ক্রয়-বিক্রয় বন্ধ করে দেয়া হবে বলে জানান তারা। এর আগে রহনপুর আম আড়তদার সমবায় সমিতির সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের আহবায়ক কানসাট আমবাজার আড়তদার সমিতির সভাপতি আবু তালেব, সদস্য সচিব ও নওগাঁর সাপাহার আমবাজার আড়তদার সমিতির সাধারণ সম্পাদক ইমাম হাসান রিফাত ও সহসভাপতি জয়নাল আবেদীন। এসময় শিবগঞ্জ, কানসাট, ভোলাহাট ও সাপাহার আমবাজারের আড়তদাররা উপস্থিত ছিলেন।
আহ্বায়ক কমিটি গঠন : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, কানসাট, ভোলাহাট ও রহনপুর এবং নওগাঁর সাপাহার আম আড়তদার ও ব্যবসায়ি সমিতিকে নিয়ে গঠিত রাজশাহী বিভাগীয় আম আড়তদার ও ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
রোববার বিকেলে রহনপুর আম আড়তদার সমবায় সমিতির সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সংগঠনটির সভায় এ কমিটি গঠন করা হয়। এতে কানসাট আমবাজার আড়তদার সমিতির সভাপতি আবু তালেবকে আহবায়ক ও নওগাঁর সাপাহার আমবাজার আড়তদার সমিতির সাধারণ সম্পাদক ইমাম হাসান রিফাতকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।