আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ২০২৪-২০২৫ অর্থবছরের খরিপ মৌসুমে কৃষি প্রণোদনার বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
কর্মসূচীর আওতায় ১০৫০ জন কৃষকের মাঝে রোপা আমন ধানের বীজ (জনপ্রতি ৫ কেজি ধান ও ১০ কেজি এমওপি সার) এবং ১৩০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ (জনপ্রতি ৫ কেজি ), ডিএপি সার (২০ কেজি) ও এমওপি সার (২০ কেজি) বিতরণের উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে বিতরণ কার্যক্রম চলমান থাকবে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল হাসান।
তিনি তার বক্তব্যে বলেন, “কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে সরকার নিয়মিত সহায়তা প্রদান করছে। এই বীজ ও সার বিতরণ কর্মসূচি কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
কৃষি অফিস সূত্রে যানা যায়, গ্রীষ্মকালীন পেঁয়াজের ক্ষেত্রে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বালাইনাশক বাবদ বরাদ্দকৃত টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা হবে।