মানিকগঞ্জ সংবাদদাতা : মানিকগঞ্জ পৌরসভার ভাগাড় অপসারণের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান এলাকায় মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সোমবার সকাল ১১টায় এতে অংশ নেন স্থানীয় এলাকার বিভিন্ন শ্রেণী ও পেশার বিপুল সংখ্যক মানুষ। উত্তেজিত জনতা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করলে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়ক অবরোধ তুলে নেন স্থানীয়রা।
মানববন্ধনে অংশ নেয় মুলজান হাই স্কুল, এসএ প্রি-ক্যাডেট স্কুল, মুলজান জামে মসজিদ কমিটির সদস্যগণ, হাফিজিয়া মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, গ্রামীণ ব্যাংক মুলজান শাখার কর্মকর্তা-কর্মচারী এবং প্রগতি সংঘ মুলজানের সদস্যরা। এ সময় হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল- “লোকালয়ে ভাগাড় কেন?”, “দূষণ চাই না, সঠিক ব্যবস্থাপনা চাই”, “ভাগাড় সরাও, কৃষিজমি বাঁচাও”, “আমরা শিশু, আমাদের বাঁচতে দাও” ইত্যাদি স্লোগান।
আওয়ামী লীগ আমলে জোড় করে এখানে ভাগাড় নির্মাণ করেছে, অথচ মাত্র আধা কিলোর মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠান ও জনবসতি থাকার পরও এভাবে ভাগাড় বসানো হয়েছে। এখন দুর্গন্ধে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে আশেপাশের এলাকা।
বক্তারা বলেন, “দূষণে রোগবালাই বাড়ছে। অবিলম্বে ভাগাড় সরানো না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।” পৌরসভার ভাগাড় বর্তমানে মুলজান, বাগজান ও ভাট-বাউর এলাকার মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। এখান থেকে ভাগাড় দ্রুত সরিয়ে নেয়ার দাবি জানান জনতা।