বেলকুচি (সিরাজগঞ্জ) সাংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর ও সিরাজগঞ্জ-৫ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম বলেছেন; জামায়াত মানবতা, দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। জামায়াতে ইসলামী সেই কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায়। রাষ্ট্র নায়ক রাসুল (সা.) এর পরিচালিত রাষ্ট্রই মানবতার কল্যাণ রাষ্ট্র ব্যাবস্থা: জামায়াত সেই কল্যাণ রাষ্ট্রই কায়েম করতে কাজ করে যাচ্ছে।
গতকাল বুধবার, বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এনায়েতপুর থানার স্থল ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক বিশাল সিরাত মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তেঘুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত ও তেঘুরী ইউনিয়ন সভাপতি মাওঃ লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সিরাত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল ও এনায়েতপুর থানা আমীর ডাঃ মাওঃ সেলিম রেজা। সিরাত আলোচনা সভা ও মাহফিলে অন্যান্যোর মাঝে আরো বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা নায়েবে আমীর অধ্যাপক নূর-উর-নবী সরকার, এনায়েতপুর থানা সেক্রেটারি ডাঃ মোফাজ্জল হোসাইন, বেলকুচি উপজেলা সহকারী সেক্রেটারি মাওঃ মাহবুবুর রশিদ শামীম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, স্থল ইউনিয়ন সভাপতি মাওঃ মাইদুল ইসলাম, জামায়াত নেতা মাওঃ আব্দুর রাজ্জাক, মাওঃ আমীর হামজা, অধ্যাপক মাওঃ আব্দুল হক, মাও আইয়ুব আলী, রফিকুল ইসলাম, আরমান আলী ও রবিউল ইসলাম প্রমুখ।
সিরাত মাহফিলে জামায়াত নেতৃবৃন্দ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুরআন ও রাসুল (সা.) সুন্নাহ ভিত্তিক একটি সুখী-সমৃদ্ধশালী ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সিরাজগঞ্জ-৫ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম এর পক্ষে ব্যাপক জনমত গঠনে উপস্থিত সবাইকে ছাত্র-জনতা ও ভোটারদের কাছে বার বার যাওয়ার ও আলী আলম ভাইয়ের ছালাম ব্যাপক হারে পৌঁছে দেয়ার উদাত্ত আহ্বান জানান।