সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইনিয়নের নতুন দুলাল গ্রামে আয়শা (৬) নামের এক শিশু ধর্ষণের শিকার হয়ে গাইবান্ধা সদর হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসা নিচ্ছে। সে ওই গ্রামের আজহাহার আলীর মেয়ে বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, সম্প্রতি আয়শা (৬) কয়েকজন শিশুসহ উঠানে খেলা করছিল। এ সময় প্রতিবেশী উত্তর শ্রীপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে তিন সন্তানের জনক সাইদুল ইসলাম (৫০) তাকে কোলে নিয়ে পাটক্ষেতে যায় এবং ধর্ষণ করতে থাকলে তার কান্নায় অন্যান্য শিশুরা দৌড়ে গিয়ে আয়শার মাকে ঘটনাটি বলে। সুযোগ বুঝে ধর্ষক পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে আশংকামুক্ত নয় বলে স্থানীয়রা জানান। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য একটি মহল জোর প্রচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মনোয়ার আলম সরকার ঘটনার সত্যতা স্বীকার করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই দীপক চন্দ্র ঘটনাস্থল পরিদর্শন করছেন। থানা অফিসার ইনচার্জ হাকিম আজাদ বলেন পুলিশ ঘটনা স্থলে গিয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।