শার্শা (যশোর) সংবাদদাতা: মিথ্যা ঘোষণায় আনা ভারতীয় তিনটি ট্রাকে ২৫ দিন ধরে বেনাপোল স্থলবন্দরের ভেহিকেল টার্মিনালে আটক থাকার পর প্রায় কোটি টাকার ১১ লাখ পিচ ব্লেডসহ বিভিন্ন পণ্য আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
সম্প্রতি বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার সাকিব রায়হানের নেতৃত্বে একটি তদন্ত দল বন্দরের ৪২ নম্বর শেডে পণ্য আনলোড ও পরীক্ষণ শেষে এসব পণ্য জব্দ করা হয়।
বন্দর সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর মেসার্স আশিকুল ইসলাম অ্যান্ড সন্স নামে এক আমদানিকারক ভারত থেকে ৩০ হাজার ৮৩৮ কেজি ওজনের ‘স্টিল আইটেম অ্যান্ড আদার্স’ ঘোষণা দিয়ে তিনটি ট্রাকে পণ্য আনেন। যার ম্যানিফেস্ট নং: ৬০১/২০২৫/০০৩/০০৬১২৪৭/০৯। ট্রাক নম্বর: ডব্লিউবি ০৩সি-৫৯২১, ডব্লিউবি ৩৩ডি-১০২৭ ও ডব্লিউবি ১১সি-৩১৩৩।
ভারত থেকে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানির পর বন্দর থেকে খালাসের চেষ্টা করছিল সিএন্ডএফ এজেন্ট মেসার্স হুদা ইন্টারন্যাশনাল।
ঘোষণায় উল্লেখিত স্টিল পণ্যের সাথে পাওয়া গেছে ১০ লাখ ৮০ হাজার পিস ব্লেড ও অতিরিক্ত তিনটি প্যাকেজে ঘোষণা বহির্ভূত পণ্য। যেখানে সরকার প্রায় কোটি টাকার রাজস্ব হারাচ্ছিলেন।