বাগমারা (রাজশাহী)সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় জুলাই গণঅভ্যত্থান নিয়ে লেখা "ঘটনাবহুল ৩৬ জুলাই" গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গ্রন্থটি ছাত্র-জনতার ২৪’র জুলাই বিপ্লবের ঐতিহাসিক পটভূমি নিয়ে রচিত। গ্রন্থের লেখক ড. মুহাম্মদ আব্দুুল মুমীত। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি দীর্ঘদিন ধরে লেখালেখির সঙ্গে জড়িত। শিক্ষা নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি বাগমারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে একাডেমিক সুপারভাইজার হিসেবে কর্মরত রয়েছেন। গ্রন্থটিতে বিশেষ করে জুলাই-আগস্টে ঘটে যাওয়া ঘটনা ও তথ্য চিত্রে সমৃদ্ধ করা হয়েছে।
শনিবার (১২জুলাই) বাগমারা প্রেস ক্লাবে আনুষ্ঠানিক ভাবে গ্রন্থের মোড়ক উন্মোচন কালে প্রধান অতিথি ছিলেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. কুদরত-ই- জাহান। বিশেষ অতিথি ছিলেন ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক জামায়াত ইসলামের বাগমারা উপজেলা শাখার নায়েবে আমীর ও রাজশাহী-৪ (বাগমারা) আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থীী আব্দুল বারী সরদার। দুপুরে উপজেলার বাগমারা প্রেসক্লাবে প্রেস ক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, নলডাঙ্গা উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আনসারি, বিএনপির উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবদুল গাফফার, বাগমারা শিক্ষক সমিতির সভাপতি আসাদুল ইসলাম, এনসিপির উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী আলী মুর্তজা, সাংবাদিক মামুনুর রশিদ প্রমুখ।
গ্রন্থের লেখক স্বগত বক্তব্যে বলেন, কোন দল বা ব্যক্তির মাধ্যমে প্রভাবিত না হয়ে সঠিক ইতিহাস তুলে ধরা হয়েছে গ্রন্থটিতে। গ্রন্থটিতে ২৪’র জুলাই বিপ্লবের ঐতিহাসিক বিষয় গুলো নিখুঁত ভাবে প্রকাশ করার চেষ্টা করা হয়েছে। অনুষ্ঠানে বাগমারা ছাড়াও আশপাশের উপজেলার সূধীজন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্র প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।