লক্ষ্মীপুর সংবাদদাতা: মাদক বিক্রিতে ও সেবনে বাঁধা দেওয়ায় লক্ষ্মীপুরে শাকিল-মিতু নামের দম্পতিকে মারধর এবং ঘর ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ী আরাফাত হোসেনদের বিরুদ্ধে। বুধবার (১৬ মে) সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী লক্ষ্মীপুর পৌরসভার লামচরী এলাকার মমিম সর্দার বাড়ির শাকিল হোসেন ও তার স্ত্রী মিতু আক্তার।
অভিযুক্তরা একই বাড়ির মৃত খোকা মিয়ার ছেলে আরাফাত হোসেন, আবদুল মালেকের ছেলে জহির হোসেন, আশরাফুল ইসলাম তসলিমের ছেলে মো. তাহা ও আবুল কাশেমের ছেলে জব্বার হোসেন। অভিযুক্তদের মধ্যে তাহা ব্যতিত অন্য সকলে একাধিকবার মাদক মামলায় কারাবরণ করতে হয়েছে।
শাকিলের স্বজনরা জানায়, শাকিলের বসতঘরের সামনে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন আরাফাত ও জহিররা। একাধিকবার নিষেধ করলেও শাকিলদের কথা শুনেনি তারা। তাই বাধ্য হয়ে এবং ভয়ে বাড়ি ছেড়ে অন্যত্র ভাড়া বাসায় বসবাস করে তারা।
সম্প্রতি শাকিল আরাফাত ও জহিরদের মাদক বিক্রি ও সেবনে বাঁধা দিলে অভিযুক্তরা তাকে মারধর করে। পরবর্তীতে তার স্ত্রী মিতু আক্তারকেও মারধর এবং শ্লীলতাহানির চেষ্টা করে। এছাড়া ঘরবাড়ি লুটপাট ও ভাঙচুরের হুমকি দেয় তারা।
পরবর্তীতে ১৪ মে রাতে তালা ভেঙে শাকিলদের বসতঘর লুটপাট ও ভাঙচুর করে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান শাকিল।