মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা : চাঁদপুরের মতলব উত্তরসহ আশপাশের হাটবাজারে ইলিশের দাম ক্রমেই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। মৌসুমে নদীতে ইলিশের জালে ধরা পড়লেও বাজারে দর এতটাই বেশি যে স্বল্প ও মধ্যম আয়ের মানুষ আর আগের মতো কিনতে পারছেন না।
প্রতি কেজি মাঝারি ইলিশ বিক্রি হচ্ছে ১২০০-১৪০০ টাকা, বড় ইলিশের দাম ১৯০০-২৫০০ টাকা পর্যন্ত, ছোট ইলিশও পাওয়া যাচ্ছে ৯০০-১১০০ টাকা কেজি দরে।
ব্যবসায়ীরা বলছেন, জেলেদের কাছ থেকে ক্রয়মূল্য বেড়ে যাওয়ায় বাজারেও এর প্রভাব পড়েছে। অন্যদিকে ভোক্তারা অভিযোগ করছেন, মজুদদার ও পাইকারি সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দিচ্ছে।
এতে করে একসময় পরিবারের সবাই মিলে ইলিশ খাওয়ার ঐতিহ্য এখন অনেকের জন্যই স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। সাধারণ ক্রেতারা বলছেন- ‘ইলিশ এখন শুধু ধনীদের মাছ, গরিব মানুষের পাতে আর ওঠে না।’