নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতাঃ ময়মনসিংহের নান্দাইলে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ঈদ উপহার স্বরূপ উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের সর্বমোট ৩৪ হাজার ৯২১ জন অসহায় দুস্থ মানুষের খাদ্য সহায়তায় ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক সারমিনা সাত্তার এবং উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসক মো. ফয়জুর রহমান ভিজিএফ চাল বিতরণে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছেন। দেশে নির্বাচিত সরকার না থাকায় অন্তবর্তীকালীন সরকারের সময়ে পৌরসভা সহ কোন কোন ইউনিয়নে চেয়ারম্যানের অনুপস্থিতির কারণে ভিজিএফ চাল সুষ্টভাবে বিতরণের জন্য এতিমখানা, ক্বওমী মাদরাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বিভিন্ন দপ্তর প্রধান কর্তৃক অসহায় দু:স্থদের তালিকা করা হয়। পরবর্তীতে সেই তালিকা অনুযায়ী স্ব-স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে অসহায় দু:স্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার নান্দাইল রেলস্টেশন, বাসস্ট্যান্ড, আশ্রয়ণ কেন্দ্রে ও বিভিন্ন গ্রামে ঘুরে এলাকার ছিন্নমুল অসহায় মানুষের মাঝে নিজে উপস্থিত থেকে ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ করছেন। অপরদিকে নান্দাইল পৌর প্রশাসক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান রাতের আধারে পৌরসভার ৯টি ওয়ার্ডে ঘুরে ঘুরে অসহায় দু:স্থদের চিহ্নিত করে ভিজিএফ কার্ড বিতরণ করছেন। নান্দাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানাগেছে, নান্দাইল পৌরসভায় ৪ হাজার ৬২১টি কার্ডের বিপরীতে ৪৬.২১০ মে.টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ১৩টি ইউনিয়নে সর্বমোট ৩০ হাজার ৩০০টি কার্ডের বিপরীতে ৩০০ মে.টন চাল বরাদ্দ দেওয়া হয়।