মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সিগঞ্জ লঞ্চঘাটের পন্টুন থেকে ধলেশ্বরী নদীতে পড়ে নিখোঁজ যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ ১৭ই জুন(মঙ্গলবার) সকাল আটটার দিকে লাশটি উদ্ধার করে মুক্তারপুর নৌ পুলিশ।

মৃত ওই যাত্রীর নাম লোকমান হোসেন (৩৭)। তিনি ভোলার তজুমদ্দিন উপজেলার দেওয়ানপুর এলাকার বাসিন্দা এবং রাজধানী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে রাজমিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন। গত রোববার রাতে পরিবারের সদস্যদের নিয়ে লোকমান হোসেন লঞ্চে করে ঢাকায় ফিরছিলেন। যাত্রাবিরতির সময় মুন্সিগঞ্জে লঞ্চ থেকে নামার পর নদীতে পড়ে নিখোঁজ হন লোকমান।

মুক্তারপুর নৌ পুলিশের পরিদর্শক আতাউর রহমান আজ সকাল সাড়ে নয়টার দিকে প্রথম আলোকে বলেন, নিখোঁজ হওয়ার পর উদ্ধার অভিযান শুরু হয়েছিল। গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে লঞ্চঘাটের ২০০ মিটার দূরে মোল্লাপাড়া এলাকায় নদীতে লাশটি ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গ্রামের বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন শেষে স্ত্রী ও সন্তানদের নিয়ে লোকমান ঢাকার কর্মস্থলে ফিরছিলেন।