সিলেটের বহুল আলোচিত সাদাপাথর লুটকান্ডে জড়িত এবং কোম্পানীগঞ্জ উপজেলার অব্যাহতি প্রাপ্ত বিএনপি উপজেলার সভাপতি সাহাব উদ্দিনের ১ দিনের রিমান্ড মন্জুর করেছেন বিজ্ঞ আদালত।

গতকাল রোববার তাকে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১-আমলি আদালত-৭ এর বিচারক ধ্রুব জ্যোতি পালের আদালতে ৫ দিনের রিমান্ড পুলিশ চাইলে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, গতকাল রোববার সাহাব উদ্দিনকে দুপুরে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ আমলি আদালতে তোলা হলে আদালত তাকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সাহাব উদ্দিনের বিরুদ্ধে আলোচিত সাদা পাথর লুট ছাড়াও সাতটি মামলা রয়েছে বলেও জানা গেছে।

উল্লেখ্য, গত ১১ আগস্ট রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে সাহাব উদ্দিনের সব পদ স্থগিত করা হয়। বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চাঁদাবাজি, দখলবাজিসহ বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থি অনৈতিক কর্মকা-’-এ জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের দলীয় সব পদ স্থগিতের এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত সাহাব উদ্দিন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। তিনি ভোলাগঞ্জ এলাকার মৃত আব্দুল বারীর ছেলে।